ঝাড়গ্রামের নেতুরা এলাকায় তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ
দি নিউজ লায়নঃ রবিবার ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের আগুইবনি অঞ্চলের নেতুরা এলাকায়। মৃত তৃণমূল কংগ্রেস কর্মীর নাম দুর্গা সরেন। তার বয়স ৪৫ বছর। তার বাড়ি ওই এলাকার পিন্ডরাকুলি গ্রামে। গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নেতুরাএলাকায় বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসের কর্মী দুর্গা সরেন ও তার স্ত্রী সাকরা সরেন এর উপর হামলা চালায় বলে অভিযোগ। এরপর আশঙ্কাজনক অবস্থায় রবিবার রাত্রি নটা নাগাদ ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তাররা তাকে দেখার পর মৃত বলে ঘোষণা করেন।
ওই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে। ওই ঘটনার খবর পেয়ে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ছুটে যান তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার কো-অর্ডিনেটর অজিত মাহাতো।হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে তিনি অভিযোগ করে বলেন বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় এলাকায় হিংসা ও সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে সুপরিকল্পিতভাবে দলের কর্মীকে পিটিয়ে খুন করা হয়েছে। তিনি ওই ঘটনার নিন্দা করে দোষীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন পুলিশের কাছে।
মৃতের স্ত্রী আহত সাকরা সরেন বলেন ওই এলাকার বিজেপির পঞ্চায়েত সদস্য মানিক সাউ এর নেতৃত্বে বিজেপি দলের কর্মীরা তাদের উপর হামলা চালায়। তৃণমূল কংগ্রেস করার জন্য এর আগেও তাদের উপর হামলা হয়েছিল বলে তিনি জানান। তবে আগামী ২৭ শে মার্চ বিধানসভা নির্বাচন তার আগে রবিবার ওই ঘটনা ঘটায় রীতিমতো ওই এলাকা জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে বিজেপি তৃণমূল কংগ্রেসের আনা অভিযোগ অস্বীকার করেছে। ঝাড়গ্রামের পুলিশ সুপার ইন্দিরা মুখার্জি বলেন একজনের মৃত্যুর খবর পেয়েছি। কি কারণে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট জানার পর জানা যাবে এবং পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

Post a Comment